গুম তদন্ত কমিশনের তথ্য সংগ্রহে প্রশাসনের টালবাহানা
বিশেষ প্রতিনিধি
২৪ জানুয়ারি, শুক্রবার, ২০২৫

গুম-সংক্রান্ত তদন্ত কমিশন দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তথ্য সংগ্রহে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। হাসিনা সরকারের সময়ে কর্মরত পুলিশ সুপার এবং থানার সদস্যদের বিস্তারিত তথ্য চেয়ে বারবার চিঠি দিলেও এখনো কাঙ্ক্ষিত সাড়া পায়নি কমিশন।

কমিশন ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে দায়িত্ব পালনকারী পুলিশ সুপারদের নাম, পরিচয়, যোগাযোগ নম্বর, এবং কর্মস্থলের তথ্য চেয়ে গত ২ জানুয়ারি তিনটি চিঠি প্রেরণ করে। একই সময়ে সীমান্তবর্তী ৩১ জেলার পুশ ইন-সংক্রান্ত তথ্য এবং বিজিবি সেক্টর কমান্ডারদের কাছ থেকেও সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়।

তদন্ত কমিশনের পক্ষে চিঠিতে পত্রপ্রাপ্তির ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হলেও পুলিশ ও বিজিবি প্রশাসন সময়ক্ষেপণ ও টালবাহানার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।