বিশেষ প্রতিবেদক
৮ জানুয়ারি, বুধবার, ২০২৫
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যাত্রা করেন।
বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া দেশবাসীর প্রতি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান রেখে গেছেন। তিনি বলেন, “দেশনেত্রী বলেছেন, সবাই যেন মিলে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করি। তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং তাদের মঙ্গল কামনা করেছেন।”