বিশেষ প্রতিনিধি
০৫ মে ২০২৫
২০১৩ সালের ৫ মে, রাত গভীর হতেই ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা, যা এখনও অনেকের মনে দগদগে ক্ষতের মতো বিদ্যমান। হেফাজতে ইসলামের ডাকে লাখো ধর্মপ্রাণ জনতা সমবেত হয়েছিলেন সেখানে, দাবি ছিল ইসলাম অবমাননার বিরুদ্ধে ১৩ দফা বাস্তবায়নের। কিন্তু সেই রাতেই হঠাৎ করেই রাজধানীর প্রাণকেন্দ্রে নেমে আসে নৃশংসতার ছায়া।
গভীর রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা (র্যাব, পুলিশ ও বিজিবি) সশস্ত্র অভিযান চালায় সমাবেশস্থলে। গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর জল কামানের সামনে পড়ে অসংখ্য মানুষ প্রাণ হারান, অনেকে আহত হন, কেউ কেউ নিখোঁজও হন। ঘটনাস্থল মুহূর্তে পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে। বিভিন্ন সূত্র মতে, ওই রাতে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।