খালেদা জিয়ার পিতৃভূমি ফেনীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর ভিড়
বিশেষ প্রতিনিধি
২৭ জুন ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেনীর রাজনৈতিক অঙ্গন সরগরম। ‘জুলাই বিপ্লব’-পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই অবস্থায় জেলার তিনটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীর ভিড় জমেছে। দলটির দুর্গ হিসেবে পরিচিত ফেনীতে এটি যেমন বিএনপির সাংগঠনিক শক্তির পরিচায়ক, তেমনি অভ্যন্তরীণ কোন্দলেরও ইঙ্গিত দিচ্ছে। এর বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনটি আসনেই একক প্রার্থী চূড়ান্ত করে মাঠে সক্রিয় রয়েছে।