ব্যাংক খাত থেকে ঋণ অনিয়মে আলোচিত ১১ গোষ্ঠী, চলছে ব্যাপক তদন্ত

বিশেষ প্রতিনিধি
২৫ মে ২০২৫

গত এক যুগে ব্যাংক ও আর্থিক খাতে সংগঠিত ঋণ অনিয়ম এবং অর্থপাচারের ঘটনায় সাবেক সরকার-ঘনিষ্ঠ ১১ ব্যক্তি ও শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সংশ্লিষ্ট সংস্থাগুলোর একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে-বেনামে নেওয়া ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকা এখন খেলাপি অবস্থায় রয়েছে।

গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক বৈঠকে এসব তথ্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপস্থাপন করা হয়। বৈঠকে দেশি-বিদেশি সম্পদের খোঁজ, জব্দকৃত অর্থ ও ফেরত আনার অগ্রগতি পর্যালোচনা করা হয়।